
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
এর আগে ১৮ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ২৪৫ দশমিক ০৬ মিলিয়ন ডলার। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলের অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, এসব তহবিলের অর্থ বাদ দিয়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ ছিল ৩২ হাজার ৪৩৮ দশমিক ৯০ মিলিয়ন ডলার।
সে হিসাবে মাত্র দুই দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে ১০৩ দশমিক ৩৭ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৯৩ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।
আন্তর্জাতিক হিসাব পদ্ধতি অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর প্রকৃত বা নিট রিজার্ভের হিসাব করা হয়। এ ক্ষেত্রে মূলত আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়।
অধিকার ডেস্কঃ 
























