
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে ৫৫টি ভারতীয় মোবাইলফোন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইলফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসাদমোড় এলাকায় মোবাইলফোনের চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনামুল হক অন্তরের বাড়িতে তল্লাশি চালিয়ে হাঁস-মুরগির খোঁয়াড়ের ভেতর থেকে ৫৫টি ব্যবহৃত ভারতীয় মোবাইলফোন উদ্ধার করা হয়।
জব্দ করা মোবাইলফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোর বিভিন্ন মডেল রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ফোনগুলোর আনুমানিক জব্দমূল্য ১৩ লাখ টাকা।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। অভিযানে বিজিবির ধলডাঙ্গা ক্যাম্পের একটি দলও সহযোগিতা করে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইলফোনের চোরাকারবার চলার তথ্য পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সহযোগিতায় অভিযান চালিয়ে মোবাইলফোনগুলো জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটক এনামুল হক অন্তরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মোবাইলফোনগুলোও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
অধিকার ডেস্কঃ 




















