
দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলকে একটি ট্রাকের ধাক্কার ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার ৯ বছর বয়সী মেয়ে নুছাইফা আক্তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ধাক্কার পর মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা চলছে।
অধিকার ডেস্কঃ 




















