
চাঁদা দাবির অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন ডা. আসাদুর রহমান। রাত সাড়ে ১০টার দিকে চেম্বার থেকে বের হয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
অটোরিকশাটি কিছুদূর যাওয়ার পর কয়েকজন সেটির গতিরোধ করেন। এ সময় তারা চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে তার এক স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন। ডা. আসাদুর তাদের কাছে ওই রোগীর পরিচয় জানতে চাইলে একপর্যায়ে জোর করে অটোরিকশার দরজা খুলে তাকে মারধর করা হয়।
এ ঘটনায় ডা. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলাটিতে এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গ্রেপ্তার ফারহান শাহরিয়ারকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন থানার এসআই মো. আতিকুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় ডা. আসাদুর রহমানের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান।
অধিকার ডেস্কঃ 






















