
সৌদি আরবে দীর্ঘদিনের কর্মজীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন কুমিল্লার মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য কেনাকাটাও করেছিলেন। তবে দেশে ফেরার আগেই আকস্মিকভাবে তার মৃত্যু হয়েছে।
নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন রাসেল মিয়া। প্রায় সাত মাস আগে তিনি একবার দেশে এসেছিলেন। এবার স্ত্রী-সন্তানদের ইচ্ছায় আবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র কেনেন রাসেল। শনিবার দুপুরে কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি।
পরে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের জন্য কেনাকাটা শেষ হলেও সেই উপহার নিয়ে আর দেশে ফেরা হলো না রাসেলের। তার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার বানাশুয়া গ্রামের বাড়িতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ নেমে আসে।
অধিকার ডেস্কঃ 
























