
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছুটিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফুল ইসলাম ছুটিপুর স্কুলপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনা এবং দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের তত্ত্বাবধানে শুক্রবার রাতে বিশেষ অভিযান চালানো হয়।
ভগীরতপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মানজেরুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ছুটিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ছুটিপুর সরকারি কবরস্থানের পাশের একটি বাঁশবাগান থেকে আরিফুলকে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে আরিফুলকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।
দুই পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারের পর দ্রুত বিচারপ্রক্রিয়ায় দুই বছরের কারাদণ্ডের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, এলাকায় মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অধিকার ডেস্কঃ 






















