
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহণের একটি বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
পুলিশ ও ৯৯৯ সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, টার্মিনালে পার্ক করে রাখা ৪০ আসনের এনা পরিবহণের একটি বাস চুরি হয়েছে।
কলার আরও জানান, বাসে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পাচ্ছেন, বাসটি মিরপুর বেড়িবাঁধের দিকে চলাচল করছে। খবর পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কন্ট্রোলরুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে জানানো হয়।
৯৯৯-এর কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন কলটি গ্রহণ করেন। পরে ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।
খবর পাওয়ার পর রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে অভিযান চালিয়ে বাসটির সন্ধান পায়। পরে ধাওয়া করে এনা পরিবহণের বাসটি আটক করা হয়। এ সময় বাসে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার মো. রবিউল্লাহর ছেলে মো. রাসেল (২১) এবং শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকার নাসিমা বেগমের ছেলে লালচান (৩০)। রাসেল বর্তমানে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এবং লালচান তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকার আলকাতরা ফ্যাক্টরি এলাকায় বসবাস করেন।
পুলিশ জানিয়েছে, বাস চুরির ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 
























