
সাভার প্রতিনিধি: ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবুর (৩৭) জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি বড় মাঠে আহমেদ বাবুর জানাজা অনুষ্ঠিত হয়। পরে আমিনবাজারের বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আহমেদ বাবুর বড় ভাই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত ৩টার দিকে বেনাপোল স্থলবন্দর হয়ে আহমেদ বাবুর মরদেহ সাভারের আমিনবাজারে নিজ বাড়িতে পৌঁছায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়ি শিকদারপাড়া এলাকার প্রয়াত আদম আলীর চার ছেলের মধ্যে আহমেদ বাবু ছিলেন সবচেয়ে ছোট। তিনি আমিনবাজারের এম এ হোসেন টাওয়ার মার্কেটে ‘কিউট কসমেটিক্স’ নামে একটি ব্যবসা পরিচালনা করতেন।
দীর্ঘ প্রায় দুই বছর পর ভারতের ভিসা পাওয়ার পর গত সোমবার (১৭ আগস্ট) রাতে ব্যবসায়িক কাজে কলকাতার উদ্দেশে রওনা হন আহমেদ বাবু। সেখানে পার্ক স্ট্রিটের কাছাকাছি ‘শিখা ইন’ নামের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের মধ্যে তিনিও ছিলেন।
পরিবার সূত্র জানায়, বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে মোবাইল ফোনে আহমেদ বাবুর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। পরে তার ছবি পাঠানো হলে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
আহমেদ বাবু স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ১০ বছরের মেয়ে রোজা এবং ৪ বছরের ছেলে সোহাগ রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
অধিকার ডেস্কঃ 





















