
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামে সংঘটিত একটি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনার মূলহোতা সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত সিরাজুল একই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাবের একটি বিশেষ দল ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে গৌরনদী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, সিরাজুল গৌরনদী থানায় দায়েরকৃত একটি আলোচিত চুরি মামলার (জিআর মামলা নং: ১৮/২৫) মূল আসামি এবং একটি সংঘবদ্ধ চোর চক্রের নেতৃত্বদানকারী সদস্য। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা চুরির সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
গৌরনদী থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বরিশাল প্রতিনিধিঃ 






















