
মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা বিতরণে অতীতে ঘটে যাওয়া অনিয়মগুলো চিহ্নিত করে তা সংশোধনে কাজ করছে সরকার বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
সংসদে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুতই যাচাই-বাছাই সম্পন্ন করে একটি নির্ভুল ও প্রামাণ্য তালিকা প্রকাশ করা হবে।
অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা ও ভাতা সংক্রান্ত নানা অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছে এবং সেগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। কারও কারও সনদ স্থগিত করা হয়েছে এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। একই সময়ে অযোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করে তাদের ভাতা ও অন্যান্য সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে।
এসব অনিয়ম দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
দৈনিক অধিকার ডেস্ক 

















