
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় ছাত্রশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নিলয় বড়ুয়াকে আহ্বায়ক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাজিফা নাফিলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আলামিন মজুমদার এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ওমর ফারুককে। পাশাপাশি মোহাম্মদ উসমানকে যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এবং জোবায়ের আজম খানকে যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাঈমুর রহমান (নাঈম ভূঁইয়া), বিল্লাল হোসেন, জি. এম. তৈয়বুর ইসলাম এবং মহির আলম।
নতুন কমিটির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করা, বৈষম্যহীন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া নিয়ে সোচ্চার থাকাই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল একটি সংগঠন হিসেবে গড়ে তুলতে চান তারা।
সদস্য সচিব সৈয়দা নাজিফা নাফিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির কমিটিতে সদস্য সচিব পদে মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে তিনি বদ্ধপরিকর, এবং সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
সংগঠনের বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে। ঘোষিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
দৈনিক অধিকার ডেস্কঃ 























