
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ শিক্ষার্থী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগগুলোর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী।
বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, এই অর্জন তাদের কঠোর পরিশ্রম ও মেধারই প্রতিফলন। তিনি উল্লেখ করেন, শিক্ষার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশ ও মানবকল্যাণে কাজে লাগানো। এই সম্মাননা ও স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সততা, দেশপ্রেম ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে নতুন বাংলাদেশ গড়া ও আধুনিক বিশ্ব বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ এবং ১৫ জন শিক্ষার্থীকে মেরিট অ্যাওয়ার্ড-২০২৫/২০২৬ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মোঃ ফেরদৌস রহমান। এছাড়া বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধানসহ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন একাডেমিক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ আমিনুর রহমান।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 





















