
বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার স্থানীয় বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে গৌরনদী উপজেলা বিএনপি।
বীর মুক্তিযোদ্ধা ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি। সভায় প্রধান বক্তার ভূমিকায় ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
আলোচনা সভায় বক্তারা বিএনপির রাজনৈতিক ইতিহাস, দলীয় কার্যক্রম এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ও সুশৃঙ্খল উপায়ে দলীয় কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের কথা শোনা এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখাই বিএনপির অন্যতম মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি ব্যক্তিস্বার্থ ও বিভেদ পরিহার করে সংগঠনের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা মিজানুর রহমান খান মুকুল তার বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক ভিত্তির মূল শক্তি। দলকে আরও সুসংগঠিত রূপ দিতে ইউনিয়ন-ওয়ার্ডসহ প্রতিটি স্তরে নেতাকর্মীদের সক্রিয় ও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তর-দায়িত্বপ্রাপ্ত সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু।
সৈয়দ নুর আহসান,বরিশাল প্রতিনিধিঃ 



















