
দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার আশঙ্কার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সন্ধ্যায় প্রকাশিত আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
তাপমাত্রা পরিস্থিতি প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
অধিকার ডেস্কঃ 





















