
নাটোর সদরের চকআমহাটি হাফরাস্তা এলাকায় মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনসুর রহমান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ এবং সদর উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান। এ ছাড়া স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান।
সভা শেষে এলাকাবাসীর অংশগ্রহণে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
সাজেদুর রহমান, নাটোর 

















