
নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নমূলক কাজে উৎসাহ দিতে চাঁপাইনবাবগঞ্জে নিবন্ধিত ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে মোট ৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকার সরকারি অনুদানের চেক দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি সমিতিগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ আফজাল রাজন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসাঃ সাহিদা আখতার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।
দুই শ্রেণিতে অনুদান বিতরণ
অনুষ্ঠান সূত্রে জানা গেছে, সদর উপজেলার নিবন্ধিত ১৭টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে ‘ক’ ও ‘খ’ এই দুই শ্রেণিতে ভাগ করে অনুদান দেওয়া হয়েছে।
‘ক’ শ্রেণির ১২টি সমিতির প্রতিটি পেয়েছে ৩৪ হাজার ৭০০ টাকা করে, যার মোট পরিমাণ ৪ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। আর ‘খ’ শ্রেণির ৫টি সমিতির প্রতিটিকে দেওয়া হয়েছে ২২ হাজার টাকা করে, মোট ১ লাখ ১০ হাজার টাকা। দুই শ্রেণি মিলিয়ে অনুদানের মোট অঙ্ক দাঁড়িয়েছে ৫ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।
‘ক’ শ্রেণিতে অনুদান পাওয়া সমিতি
কল্যাণী মহিলা সংসদ, গ্রাম বাংলার নারী কল্যাণ সমিতি, আকন্দবাড়িয়া নারী উন্নয়ন সংগঠন, প্রোবিটি মহিলা গ্রাম উন্নয়ন সংগঠন, জাগরণী বহুমুখী মহিলা উন্নয়ন সমিতি, চামেলী মহিলা কল্যাণ সমিতি, অন্তরা মহিলা উন্নয়ন সমিতি, বৈশাখী মহিলা উন্নয়ন সমিতি, সমতা নারী উন্নয়ন সংস্থা, পলশা নারী কল্যাণ সমিতি, মসজিদপাড়া মহিলা সমিতি ও নকশী কাঁথার মাঠ মহিলা সমিতি।
‘খ’ শ্রেণিতে অনুদান পাওয়া সমিতি
স্বপ্নপূরী মহিলা সমিতি, দিগন্ত মহিলা সমিতি, শিখা মহিলা কল্যাণ সমিতি, নতুন সকাল মহিলা সমবায় সমিতি ও সিডিসি মহিলা ফেডারেশন সমিতি।
আয়োজকেরা আশা করছেন, এ সরকারি সহায়তা স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর সাংগঠনিক ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আনবে। এতে নারীদের দক্ষতা বাড়বে, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটবে। পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁদের বিশ্বাস।
অনুষ্ঠানে অনুদান পাওয়া সমিতিগুলোর প্রতিনিধিরা এবং জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতনিধিঃ 





















