
লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় মো. রাহিম (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের পূর্ব চরকলাকোপা এলাকা থেকে রাহিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাহিম পূর্ব চরকলাকোপা এলাকার গাড়িচালক আবু কাশেমের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে চর আলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের মধ্য পূর্ব আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের নিচে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
মামলায় আরও উল্লেখ করা হয়, মিছিল থেকে বিতর্কিত ও উসকানিমূলক একাধিক স্লোগান দেওয়া হয়, যা জননিরাপত্তা বিপন্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। মিছিলের ভিডিও ধারণ করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।
এ ঘটনায় গত ৪ জুন রামগতি থানার উপপরিদর্শক (এসআই) ময়নাল হোসেন বাদী হয়ে রিমনসহ ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এই মামলায় মো. রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, একই মামলায় এর আগে গত ৩ আগস্ট দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে গত ১৫ আগস্ট নির্দিষ্ট দুই শর্তে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 






















