
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শক্ত অবস্থানের জানান দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ ও নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মো. আমিনুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সেন্টু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভ্যানটেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া) ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম (খোকন)। এ ছাড়া বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, আশরাফুল ইসলামসহ উপজেলা ও রহনপুর পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “এই নির্বাচন জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন চায় না।”
তারা অভিযোগ করে বলেন, অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার হরণ করা হয়েছে এবং জনগণের মতামত উপেক্ষিত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা। একই সঙ্গে নির্বাচনী মাঠে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত থাকার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।

সমাবেশকে ঘিরে গোমস্তাপুর উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নারী নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় সাজানো হয় সমাবেশস্থল। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোমস্তাপুর। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই মহিলা সমাবেশের মাধ্যমে গোমস্তাপুরে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের স্পষ্ট বার্তা পৌঁছে গেছে। আগামী দিনে আরও বড় পরিসরে নির্বাচনী কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
নিজস্ব প্রতিবেদক 



















