
লক্ষ্মীপুরের রামগতিতে আরাফাত হোসেন শাহীন নামে ১৩ বছরের এক মাদরাসাছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। এ ঘটনায় শিশুটির মা শাহিনুর বেগম রামগতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা এলাকার বাড়ি থেকে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার উদ্দেশে বের হয় শাহীন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শাহীন ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার পরিবারের বাড়ি কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।
শিশুটির বাবা আবুল বাশার বলেন, পরিবারের সদস্য ও মাদরাসার শিক্ষকদের সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় শাহীনের সন্ধানে খোঁজ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবার জানিয়েছে, নিখোঁজ হওয়ার সময় শাহীনের পরনে ছিল কালো রঙের পাঞ্জাবি ও টুপি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিশুটির মা তাকে মাদরাসা পর্যন্ত পৌঁছে দেননি। অর্ধেক পথ থেকে সে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদরাসায় পড়াশোনা নিয়ে ভীতির কারণেও এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
শাহীনের পরিবারের পক্ষ থেকে কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর 


















