
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির কাছের একটি ধানক্ষেত থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি স্থানীয় বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা বেগম। বাড়িতে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধানক্ষেতে মাছ ধরার ‘টেমাই’ বা বিশেষ ফাঁদ আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় তাঁরা জমিতে হাছিনা বেগমের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁদের ডাকাডাকি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার ফাঁদ আনতে গিয়ে ওই নারীর লাশ দেখতে পান। সকাল ৮টার দিকে তিনি দেবীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 

















