
মাগুরার শ্রীপুরে পারিবারিক কলহের জেরে মো. রাব্বি মণ্ডল (৩২) নামে এক বালু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফারজানা আক্তারের (২৭) বিরুদ্ধে। শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাবার বাড়িতে চলে গেলে পুলিশ তাঁকে আটক করে।
নিহত রাব্বি মণ্ডল পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মণ্ডলের ছেলে। তাঁর সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রাব্বি ও ফারজানার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাব্বির গলায় ধারালো দা দিয়ে আঘাত করা হয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহতের স্বজনদের ভাষ্য, শুক্রবার সকাল ৮টার দিকে ফারজানার বাবা ফয়জার ফোন করে তাঁদের জানান, রাব্বি ও ফারজানার মধ্যে তীব্র ঝগড়া হয়েছে। খবর পেয়ে রাব্বির বাবা দ্রুত বাড়িতে গিয়ে বিছানার ওপর ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।
এদিকে, ঘটনার পর ফারজানা আক্তার আমতৈল গ্রামে তাঁর বাবার বাড়িতে চলে যান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শ্রীপুর থানা পুলিশ সেখান থেকে তাঁকে হেফাজতে নেয়।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, দাম্পত্য ও পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মাগুরা প্রতিনিধিঃ 


















