
ভারী যানবাহন চলাচলে সড়ক নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন ড্রাম ট্রাক ও হেভি ইকুইপমেন্ট শ্রমিকরা।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঢাকা জেলা ড্রাম ট্রাক, কনক্রিট মিক্সার, প্রাইম মুভার, ট্রেইলার ক্রেন ও ফ্ল্যাট বেড (হেভি ইকুইপমেন্ট অপারেটর) শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব দাবি জানান।
সভায় হেভি ইকুইপমেন্ট, ড্রাম ট্রাক, কাভার্ডভ্যান অপারেটরসহ ভারী যানবাহনের চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং শ্রমিকদের মধ্যে পারস্পরিক ঐক্য আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়। ঢাকা জেলার আওতাধীন ড্রাম ট্রাক ও হেভি ইকুইপমেন্ট শ্রমিকদের কল্যাণে বিভিন্ন ধরনের কল্যাণ তহবিল গঠন এবং প্রশাসনিক জটিলতা দূর করার দাবি জানানো হয়।
এ ছাড়া নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের সাংগঠনিক দায়িত্ব বণ্টন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. জুবায়ের জাকির, সৈয়দ কবির আহমেদ মিঠু ও মো. ইউসুফ হাওলাদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফয়ছল আহমেদ (টিপু)। পরিচিতি সভা পরিচালনা করেন হেভি ইকুইপমেন্ট অপারেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফরাজী।
সভায় বক্তারা বলেন, ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অধিকার ডেস্কঃ 


















