
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীর পানিতে বৈঠার ছন্দ, মাঝি-বাইচালদের জারি-সারি গান এবং দর্শনার্থীদের উচ্ছ্বাসে শনিবার মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।
গ্রামবাংলার প্রাচীন লোকসংস্কৃতি ও নৌকাবাইচের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। নৌকাবাইচ বাস্তবায়ন কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয় শনিবার।
ফুলজোড় নদীর সোনতলা সড়ক সেতু এলাকায় আয়োজিত প্রতিযোগিতার নাম দেওয়া হয় ‘রফিকুল ইসলাম খান পানসি নৌকাবাইচ সিজন-২’। প্রতিযোগিতার শেষ দিনে দুপুরের পর থেকেই নদীর দুই তীরে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। ঢোল-করতাল, করতালি ও উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
চূড়ান্ত প্রতিযোগিতায় একাধিক পানসি নৌকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত উপজেলার খাদলী গ্রামের ‘বিজয় নিসান’ প্রথম স্থান অর্জন করে। কৈবর্তগাতী গ্রামের ‘নিউ একতা এক্সপ্রেস’ দ্বিতীয় এবং নলুয়া গ্রামের ‘একতা চ্যালেঞ্জার’ তৃতীয় হয়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার দলকে যথাক্রমে ১ লাখ ২০ হাজার, ১ লাখ এবং ৮০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং বাংলার লোকসংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণদের একটি অংশ মাদক ও মোবাইলের ক্ষতিকর আসক্তিতে জড়িয়ে পড়ছে। সুস্থ বিনোদন ও খেলাধুলার মাধ্যমে তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হওয়া দর্শনার্থীরা ঐতিহ্যবাহী এ আয়োজন উপভোগ করেন। বৈঠার ছন্দ ও প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
রাজশাহী প্রতিনিধি 

















