
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করে আসছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের মাধ্যমে ব্যাটালিয়নটি বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে।
তিনি আরও বলেন, ব্যাটালিয়ন প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত এর সাফল্য ও উন্নয়নে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রংপুর রিজিয়নের পরিচালক (লজিস্টিক), দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন), জয়পুরহাট, ফুলবাড়ী ও দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর জুনিয়র কর্মকর্তারা, অন্যান্য পদমর্যাদার সদস্য এবং বেসামরিক কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

















