
লক্ষ্মীপুরে কিশোর অপরাধ ও গ্যাং কালচার নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের দ্বিতীয় দিনে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১৮২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের অপরাধে জড়িত থাকার বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, ওইদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে সদর থানা এলাকায় ৬০ জন, চন্দ্রগঞ্জে ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন এবং কমলনগরে ১৭ জন রয়েছেন। এছাড়া ডিবি পুলিশ ২৩ জনকে আটক করেছে।
কিশোর অপরাধ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে উত্ত্যক্তকরণ, মাদক সেবন ও সংঘর্ষসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। একই সঙ্গে সন্তানদের গতিবিধি ও সঙ্গীদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
মেহেরাব ইমরান আকিব,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 


















