
পরিবহন খাতের ব্যয় কমিয়ে আবাসিক হলের শিক্ষার্থীদের খাবারের মান উন্নত করতে কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের কাছে তিনি এ অনুরোধ জানান। উপদেষ্টা উপাচার্যের সহপাঠী।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে সভাপতির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন।
অর্থ উপদেষ্টাকে সহপাঠী উল্লেখ করে উপাচার্য বলেন, তিনি একাধারে অর্থনীতিবিদ, দক্ষ পরিকল্পনাবিদ ও বিশিষ্ট একাডেমিক। উপাচার্য হিসেবে নয়, একজন সহপাঠী হিসেবেই তিনি ছোট একটি অনুরোধ করছেন। উপদেষ্টা যদি কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটের জন্য দুটি ডাবল ডেকার বাস উপহার দেন, তাহলে পরিবহন খরচ সাশ্রয় হবে। সেই অর্থ শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবারে ব্যয় করা যাবে।
উপাচার্য আরও বলেন, কুষ্টিয়া ও ঝিনাইদহের মাঝামাঝি স্থানে অবস্থিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাজেটের বড় একটি অংশ পরিবহনেই ব্যয় হয়ে যায়। ফলে আবাসিক হলগুলোতে সব সময় মানসম্মত খাবার পরিবেশন সম্ভব হয় না। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তাঁদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।
এ ছাড়া অনুষ্ঠানে টেলিটক, ব্র্যাক, গ্রামীণফোন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বিকাশ, প্রাণ-আরএফএল গ্রুপ, ডিবিসি নিউজ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সিঙ্গার, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, টিপি-লিংক বাংলাদেশ, আকিজ রিসোর্স, গোল্ডেন জুট, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, টেকনোডেরা, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ ও বিআরবি কুষ্টিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধিঃ 






















