
গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন রোস্তম আলী, মোস্তাফিজুর রহমান, শহীদুল হক, অন্ত সাহা, দীপঙ্কর সাহা বাপ্পা, হুনান হক্কানি ও জাহিদ হাসানসহ অনেকে।
বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মাণ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একসময় এ রুটে রেল ফেরি চলাচল করলেও টানা ২২ বছর ধরে তা বন্ধ রয়েছে। পরে নৌরুটটি আবার চালুর লক্ষ্যে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ঘাট ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হয়। কিন্তু নদীর নাব্যতা সংকট ও খননসংক্রান্ত জটিলতার কারণে সাধারণ মানুষ এর সুফল পাচ্ছেন না।
বক্তারা আরও বলেন, এ রুটে স্থায়ী বহুমুখী সেতু হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধাসহ উত্তরবঙ্গের অন্তত আটটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হবে। এতে দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার কমবে। পাশাপাশি সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া যাবে।
তাঁদের দাবি, সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
অধিকার ডেস্কঃ 


















