
ময়মনসিংহ সিটি করপোরেশনের আকুয়া ভাংগারপুল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (তরুণ) নামে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর (২৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। আটক অন্তর একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে অন্তরের কক্ষে যান সাদ্দাম। সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় অন্তর তার কাছে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
চাকুর আঘাতে সাদ্দাম গুরুতর আহত ও রক্তাক্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত অন্তরকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিকার ডেস্কঃ 




















