
অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয়ে ঢাকার বর্তমান অবস্থান দিল্লিকে জানাতেই হাইকমিশনারের এই সফর হতে পারে।
এর আগে সোমবার রাতে ঢাকার একটি ফ্লাইটে দিল্লি পৌঁছান দীনেশ ত্রিবেদী। তবে তার আকস্মিক সফর ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
স্বাধীনতার পর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদীকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া প্রথম ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে উল্লেখ করা হয়েছে। তার নিয়োগ ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে চূড়ান্ত হওয়ায় দিল্লিতে গেলে তিনি সাধারণত সরাসরি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
এদিকে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও এখন পর্যন্ত সেই সফর বাস্তবায়িত হয়নি।
দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি। ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও দিল্লির অবস্থান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান হয়নি।
পাশাপাশি গঙ্গা চুক্তির নবায়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হয়নি। ৩০ বছর মেয়াদি এই পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।
ফলে সম্ভাব্য প্রধানমন্ত্রীর সফর, প্রত্যর্পণ ইস্যু এবং গঙ্গা চুক্তির নবায়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় দীনেশ ত্রিবেদীর দিল্লি সফরে আলোচনার অংশ হয়ে থাকতে পারে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে।
অধিকার ডেস্কঃ 
























