
গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। পরে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রায় দুই থেকে চার হাজার শ্রমিক সড়কে অবস্থান নেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে গাছা থানার সাইনবোর্ড এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার জানান, সালনা, রাজেন্দ্রপুর, শফিপুর ও পল্লী বিদ্যুৎ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কাশিমপুর এলাকায় কিছুটা উত্তেজনা থাকায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অধিকার ডেস্কঃ 





















