
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। এতে ৭৫ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেশিনগুলো তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীরা এ সহায়তা পেয়েছেন।
জেলা পরিষদের এ উদ্যোগের মূল লক্ষ্য অসহায় ও দুস্থ নারীদের হাতে কর্মসংস্থানের সুযোগ তুলে দেওয়া। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করতে পারবেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা অর্জনে ভূমিকা রাখতে পারবেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, দেশের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। বর্তমানে শুমারির কাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সেলাই মেশিনগুলো নারীরা নিজেদের কাজে ব্যবহার করবেন। বাড়ির কাজের পাশাপাশি অন্যদের সেলাইয়ের কাজ করে দিয়ে বাড়তি আয় করলে সংসারে সচ্ছলতা আসবে। একই সঙ্গে তিনি মেশিনগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক এবং গৌবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলীসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। এতে নারীদের অন্যের ওপর নির্ভরশীলতা কমবে এবং নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। স্থানীয়ভাবে জেলা পরিষদের এ উদ্যোগকে নারী উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধিঃ 
















