
নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। ডিলারের দোকানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সে জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেশি থাকলেও ডিলারের দোকানে পর্যাপ্ত সার মিলছে না। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও অনেককে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এতে চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা যেমন দেখা দিয়েছে, তেমনি কৃষকদের মধ্যে অসন্তোষও বাড়ছে।
কৃষকদের আরও অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকে সার পাচ্ছেন না। অথচ কেউ কেউ বিভিন্নভাবে টোকেন সংগ্রহ করে লাইনের আগে গিয়ে সার নিয়ে যাচ্ছেন। এমনকি চাষাবাদ না করেও কেউ কেউ ভ্যানভর্তি সার নিয়ে যাচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন। এতে প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার থেকে বঞ্চিত হচ্ছেন।
কৃষকেরা বলেন, সারের প্রয়োজনের সময়ে চাহিদামতো সার না পেলে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রকৃত কৃষকদের তালিকা ও জমির পরিমাণ বিবেচনায় নিয়ে সঠিক তদারকির মাধ্যমে সার বিতরণ নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সুশৃঙ্খলভাবে সার বিতরণ নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সবুজ আলী বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে জন্য তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে।
সাজেদুর রহমান, নাটোর 























