
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিএনপির রাজনীতিতে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার কসবা ইউনিয়ন ও নাচোল পৌরসভা এলাকার মোট ২৭ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নাচোল পৌর জামায়াতে ইসলামীর আমির মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে নাচোল উপজেলার ১ নম্বর কসবা ইউনিয়নের ১৭ জন এবং নাচোল পৌরসভার ১০ জন নেতাকর্মী রয়েছেন। জানা যায়, কসবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এলাইপুর বাজার এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ মিজানুর রহমানের গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ সময় আবুল কালাম আজাদ ও ইউনুস আলী বাবুর নেতৃত্বে কসবা ইউনিয়নের নেতাকর্মীরা দল পরিবর্তনের ঘোষণা দেন।
অন্যদিকে, নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ১০ জন যুবক বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
যোগদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ মিজানুর রহমান নতুন সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বার্থ রক্ষায় যারা জামায়াতে ইসলামীতে যুক্ত হচ্ছেন, তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এ যোগদান নাচোল উপজেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং আসন্ন নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।
নিজস্ব প্রতিবেদক 

















