
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর-মিয়াপাড়া এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফয়সাল আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুর মহল্লার আব্দুল লতিফের ছেলে । নিহত ফয়সাল পেসায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মহাসড়কে দ্রুতগতিতে চলাচলরত বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ফয়সাল আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোটরসাইকেল ২টি জব্দ করা হয়েছে। ওসি আরো জানায় নিহত ফযসালের পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্ত করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে, সড়ক দুর্ঘটনা রোধে সচেতন মহল নিরাপদ গতিতে যানবাহন চালানো, হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেছেন। নিয়ম মেনে নিরাপদে চলাচল নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা।
নিজস্ব প্রতিবেদক 

















