
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুব সমাজ ভিক্ষাভিত্তিক কোনো সহায়তা নয়, বরং সম্মানজনক কর্মসংস্থানের প্রত্যাশায় রাজপথে নেমেছে। তিনি যুবকদের উদ্দেশে বলেন, তাদের ভবিষ্যৎ হবে দক্ষতা ও কাজের মাধ্যমে গড়ে ওঠা—অপমানজনক কোনো বেকার ভাতার ওপর নির্ভরশীল নয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের হাতে তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, যুবকদের দক্ষ করে গড়ে তুলতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে কর্মজীবনে প্রবেশ করতে পারে। দেশের অগ্রযাত্রায় তরুণরাই হবে মূল চালিকাশক্তি—এমন মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল আসনে বসবে তরুণরা, আর প্রবীণরা তাদের সহযোগী হিসেবে পাশে থাকবে।
দেশের সার্বিক অগ্রগতির প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জাতি হিসেবে আর পিছনে তাকানোর সময় নেই। ধর্ম, বর্ণ ও গোষ্ঠী নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হবে।
নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, জামায়াত এমন সমাজ গড়তে চায়, যেখানে নারী সমাজ সর্বস্তরে সম্মান, অধিকার ও নিরাপত্তা পাবে। বর্তমানে সমাজে এই দুটি বিষয়ের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরে, কর্মক্ষেত্রে ও চলাচলের পথে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য—যেখানে পুরুষ ও নারী উভয়েই নিজ নিজ অধিকার ভোগ করবে এবং কোনো অন্যায়কারী নারীর প্রতি কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না।
ন্যায়বিচারের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। অতীতের বিভিন্ন আন্দোলনে জনগণ স্পষ্টভাবে ন্যায়বিচারের দাবি তুলেছে, যা প্রমাণ করে দেশে ন্যায়বিচারের ঘাটতি রয়েছে। জামায়াত ক্ষমতায় এলে সবার জন্য সমান আইন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ লতিফুর রহমান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান,কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম. এম. ফরহাদসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে এবং হ্যাঁ ভোটের ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদারের ঘোষণা দেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীরের আগমন উপলক্ষে
আইন শৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক 

















