
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো লোভ-লালসার কাছে মাথা নত করে না। দীর্ঘদিনের দমন-পীড়ন, মামলা-হামলা ও নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে সাহসের সঙ্গে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) চাঁদপুরের ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো অপশক্তিই শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে বাংলার মাটি থেকে সরাতে পারবে না। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সোহেল বলেন, অভ্যন্তরীণ বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইতিহাসে দলের বাইরে গিয়েও অনেক প্রভাবশালী প্রার্থী পরাজিত হওয়ার নজির রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ অর্থের কাছে নয়—আদর্শ ও নীতির কাছে সমর্থন দেয়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “দুধের স্বাদ ঘোলে মেটে না”—তাই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তারেক রহমান দেশের নেতৃত্বে এলে উন্নয়নের নতুন ধারা শুরু হবে এবং ফরিদগঞ্জেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি দাবি করেন।
জেলা বিএনপির সহসভাপতি ও চাঁদপুর-৪ আসনের নির্বাচনী সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, শরীফুল ইসলাম রাকিব, আনন্দ সাহা, শুক্কুর পাটওয়ারী, এম জেড আই জহিরুল ইসলাম, শেখ ফরিদ হোসাইন, নজরুল ইসলাম নোমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দৈনিক অধিকার ডেস্ক 

















