
আওয়ামী লীগ ও বিএনপিকেই প্রকৃত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. শাহজাহান মিঞা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, জান্নাত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পারিবারিক সম্পত্তি নয়; এটি আল্লাহর নির্ধারিত বিধান। তিনি অভিযোগ করে বলেন, একটি গোপন সংগঠন ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। তবে জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে বলেও জানান তিনি। ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট প্রদান ও ফলাফল শেষে নিরাপদে বাড়ি ফেরার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।
নিজের নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, বিএনপি ক্ষমতায় এলে কানসাট এলাকায় বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কম খরচে দক্ষতা অর্জন করে তারা কর্মসংস্থানের সুযোগ পায়। এছাড়া সোনামসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং আম শিল্পকে কেন্দ্র করে অর্থনৈতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
জনসভায় তিনি জামায়াতে ইসলামীকে একটি গোপন ও বিতর্কিত সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং দেশের স্বাধীনতার পক্ষে কোনো ভূমিকা রাখেনি।
কানসাট ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা টমাস মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের ভোটাধিকার ও উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। জনসভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

















