
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টিকে অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), ১৬টিকে গুরুত্বপূর্ণ এবং ১৪টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানোসহ যৌথ বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। কিছু কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক টহল দেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান বলেন, “নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব কেন্দ্রই প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, উপজেলায় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা পরিচালনা করেছেন এবং ভোটের দিনও একই পরিবেশ বজায় থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















