
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ নম্বর ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের মাধববাড়িয়া এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নির্বাচনী অফিসে প্রবেশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ছবি ভাঙচুর করে। একই সঙ্গে অফিসের আসবাবপত্র তছনছ করা হয় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়। এতে নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গাল বলেন,
“এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হামলা। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।” ৮ নম্বর মাধববাড়িয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান বলেন, “নির্বাচনের মাঠে জনগণের সমর্থনে ধানের শীষ যখন এগিয়ে যাচ্ছে, তখনই প্রতিপক্ষ ভয় পেয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। এই ঘটনার বিচার না হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।” ফাগুয়াড়দিয়ার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, “এই হামলা শুধু একটি নির্বাচনী অফিসে নয়, এটি সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি, তবে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এফ রহমান একান্ত বলেন,“ছাত্রসমাজ সবসময় গণতান্ত্রিক অধিকার রক্ষায় সোচ্চার। এ ধরনের হামলার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামতে ছাত্রদল প্রস্তুত।”ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন,“গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল এই হামলা চালিয়েছে। আমরা ভয় পাই না। আইনগতভাবে এর বিচার চাই এবং জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাজেদুর রহমান, নাটোর 

















