
বরিশালের উজিরপুরে একটি ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বাইরে যাওয়ার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র নং ৬৩) কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ওই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. ওবায়েদুল ও আয়েশা নামে দুই শিক্ষক। অভিযোগ রয়েছে, রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারকে না জানিয়ে তারা কেন্দ্র ত্যাগ করেন। পরে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে অবহিত করা হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট দুজনকে দায়িত্ব থেকে বরখাস্ত করে নতুন দুজনকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অভিযুক্ত দুই কর্মকর্তা কেন্দ্র ত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত প্রয়োজনে বাইরে যাওয়ার কথা জানিয়েছেন। তাদের দাবি, নির্দিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তির বাসায় বৈঠকের অভিযোগ সঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া বাইরে যাওয়ার বিধান নেই। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব পালনে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক অধিকার ডেস্ক 
















