
চুয়াডাঙ্গা পৌর এলাকার রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি শরীফ হাসান (৫৫) নগদ টাকাসহ আটক হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীফ হাসানের কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হাসান কেন্দ্রের সামনে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে জানানো হয়। পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাকে আটক করেন এবং ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন।
স্থানীয় বাসিন্দা পারভেজ খান অভিযোগ করেন, আটক ব্যক্তি ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণ করছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা রাখার বিষয়টি স্বীকার করেছেন শরীফ হাসান। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) সহিদুর রহমান জানান, আটক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা ওলামা জামায়াতের সভাপতি শুকুর আলী দাবি করেন, ঘটনাটি পরিকল্পিত। উদ্ধার হওয়া টাকা খাবার ও ভ্যানভাড়ার খরচের জন্য রাখা ছিল।
দৈনিক অধিকার ডেস্ক 
















