
রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোস্তফা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলে কর্মরত ছিলেন। শনিবার রাতে নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফার মৃত্যু হয়। তার ডান পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















