
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আপত্তি তুলে ভোট পুনর্গণনার আবেদন করেছেন বিএনপির প্রার্থী মো. শরীফ উদ্দীন। শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
শরীফ উদ্দীন বলেন, ভোট গণনার ক্ষেত্রে কিছু অসংগতি তাদের নজরে এসেছে। ভোটারদের রায়ের সঠিক মূল্যায়নের স্বার্থে পুনরায় গণনার আবেদন করা হয়েছে। তিনি দাবি করেন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হবে বলে তারা আশাবাদী।
তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে পুনর্গণনার আবেদন জমা দেওয়া হয়েছে। পাশাপাশি এর অনুলিপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে।
ভোটের ব্যবধান প্রসঙ্গে শরীফ উদ্দীন বলেন, সাধারণ ভোটে ব্যবধান ছিল প্রায় ৭০০ ভোটের মতো। যদিও পোস্টাল ব্যালট যুক্ত হলে চিত্র কিছুটা পরিবর্তিত হয়। তবে মূল গণনায় ব্যবধান কম থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়া প্রায় আট হাজার ভোট বাতিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ভোট যথাযথ প্রক্রিয়ায় বাতিল হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া ফলাফল ঘোষণা করা হয়েছে। তাঁর মতে, যেখানে এজেন্ট উপস্থিত ছিলেন সেখানে স্বাক্ষর ছাড়া ফল প্রকাশের বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন। আর এজেন্ট অনুপস্থিত থাকলে সেটিও আলাদাভাবে যাচাই করা উচিত।
উল্লেখ্য, রাজশাহী-1 আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মো. মুজিবুর রহমান বেসরকারিভাবে ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ১ হাজার ৮৮৪ ভোট।
এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৪৪টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৯৮৬, যা মোট ভোটের প্রায় ২ দশমিক ২৬ শতাংশ।
দৈনিক অধিকার ডেস্ক 

















