
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে বোমা বানাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন সাব-ইন্সপেক্টর মোঃ বেলাল।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, চরবাগডাঙ্গার বিস্ফোরণ ঘটনায় এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে আহত চিকিৎসাধীন তিনজনসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের জেনারুলের ছেলে আহত মিনহাজ (২২), নজরুলের ছেলে আহত বজলুর (২০), উপরধুমি রানীহাটি গ্রামের রফিজুল ইসলামের ছেলে আহত শুভ (২০)। এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ফাটাপাড়া গ্রামের চান মোহাম্মদের ছেলে মোঃ ইউসুফ (৪৫) এবং একই ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের মোঃ ফজর আলীর ছেলে মোঃ শাকিল (৩৭)-কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ফাটাপাড়ার একটি বাড়িতে বোমা তৈরির সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন জিহাদ আলী ও আল আমিন নামের দুই যুবক। বিস্ফোরণে গুরুতর আহত হন বজলুর রহমান, শুভ ও মিনহাজ আলী। আহতরা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে বোমা তৈরি করা হচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলেছে, জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান চলছে, দ্রুতই বাকিদের আইনের আওতায় আনা হবে।
নিজস্ব প্রতিবেদক 

















