
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী বলেছেন, ক্ষমতায় থাকা বিভিন্ন সময়ে অনেকে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছেন। তবে ইতিহাস কখনো পরিবর্তন করা যায় না। যার যেখানে যতটুকু অবদান রয়েছে, তা সঠিকভাবে স্বীকার করতে হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কেরামত আলী বলেন, সংবিধানে ‘বাংলা’ ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ইংরেজি ভাষা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই বাংলা ভাষার যথাযথ মূল্যায়ন ও গুরুত্ব নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, জাতীয় ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ বাড়াতে সচেষ্ট হতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুত তোয়াব, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজয় কর্মকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক 

















