
নড়াইলের সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিঙ্গাশোলপুর ইউনিয়নের দুই সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের ও উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। অতীতেও এই দ্বন্দ্বের জেরে একাধিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে বিরোধের জেরে খায়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে বড়োকুলা গ্রামে উজ্জ্বল পক্ষের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ এবং ফেরদৌস সিকদার নিহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত মুন্না সিকদারকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, খায়ের পক্ষের দাবি-সংঘর্ষে তাদের সমর্থক ওছিকুর রহমানও প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। ঘটনার পর বড়োকুলা গ্রামে কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 
















