
নাটোরের নলডাঙ্গায় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছাতারভাগ গ্রামে এই ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল ব্যক্তি হঠাৎ করে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে প্রবেশ করে চেয়ার, টেবিলসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে। ব্রহ্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব অভিযোগ করেন, হামলায় অংশ নেয় আরিফুল ইসলাম বাচ্চু, মোকলেসুর রহমান, কাসেমসহ আরও কয়েকজন। তিনি জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রাকিব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নলডাঙ্গা থানার ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজেদুর রহমান, নাটোর 

















