
শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণে অনলাইনভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন ব্যবস্থায় বোর্ড থেকে আলাদাভাবে প্রিন্ট কপি সরবরাহ করা হবে না; শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই অনলাইনে এসব নথি সংগ্রহ ও প্রিন্ট করা যাবে।
বোর্ড সূত্রে জানা গেছে, বর্তমানে ষষ্ঠ, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড এবং অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ড থেকে প্রিন্ট করে বিতরণ করা হয়। নতুন উদ্যোগে এ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠান নিজস্ব আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে। এছাড়া অনলাইন নিবন্ধন আবেদন চূড়ান্ত অনুমোদনের আগে যাচাই ও সংশোধনের সুযোগ রাখা হয়েছে, ফলে ভুলত্রুটি কমবে।
তিনি আরও জানান, পরীক্ষকদের সম্মানী এখন সোনালী ব্যাংকের ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে। এতে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত প্রতারণার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।
রাজশাহীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মো. শাহাদৎ হোসাইন বলেন, অনলাইন পদ্ধতিতে সফট কপি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। প্রয়োজন হলে যেকোনো সময় পুনরায় প্রিন্ট নেওয়া যাবে, হারিয়ে গেলে অতিরিক্ত ঝামেলা পোহাতে হবে না। চূড়ান্ত অনুমোদনের আগে সংশোধনের সুযোগ থাকায় অনাকাঙ্ক্ষিত ভুলও কমবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনম মোফাখখারুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে কার্যক্রম সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষেত্রেও ডিজিটাল সেবা বিস্তৃত করা হবে। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই অনলাইন ব্যবস্থায় সময়, শ্রম ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সেবার মানও বাড়বে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 


















