মাগুরায় দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও ভূমি সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। সাধারণ মানুষের জন্য সরাসরি অভিযোগ জানানোর সুযোগ সৃষ্টি করতে সরকারি দপ্তরগুলোতে অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল রোববার (১ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “সাধারণ মানুষ অনেক সময় ভয় বা হয়রানির আশঙ্কায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। সেই ভীতি দূর করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, অভিযোগ বাক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে যাচাই-বাছাই করা হবে। সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ জেলার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও জনসম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। ভবিষ্যতে অনলাইন প্ল্যাটফর্ম চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের যথাযথ তথ্য-প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে মাগুরায় সেবার মান উন্নয়ন ও দুর্নীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে।
আফরিনা আমিন নদী, মাগুরা 




















