
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূল ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা সন্ধ্যার পর রাস্তাঘাট, হোটেল-রেস্টুরেন্ট, পার্ক কিংবা স্কুল-কলেজের মাঠে আড্ডা দিতে পারবে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এলাকায় কিশোর-কিশোরীদের আড্ডা, মাদকাসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যার পর যদি কোনো শিক্ষার্থীকে উল্লেখিত স্থানে আড্ডারত অবস্থায় পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তার মাধ্যমে বিষয়টি সবাইকে অবহিত করেছেন। তিনি অভিভাবক, শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক হলেও এর বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
প্রশাসন জানিয়েছে, নিয়মিত ভ্রাম্যমাণ টহল ও নজরদারির মাধ্যমে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ 


















